কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেলিং করতে গিয়ে দুর্ঘটনায় অক্ষর শৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে কলাতলীর দরিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শৌভিক রায় খুলনা সদর উপজেলার বানিয়াখামার এলাকার বাসিন্দা। তিনি পরিবারের সদস্য ও স্বজনসহ ৯ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ‘ফরিদের প্যারাসাইলিং’ পরিচালিত কার্যক্রমে অংশ নেওয়ার সময় হঠাৎ নিরাপত্তা হারনেস থেকে ছিটকে সমুদ্রে পড়ে যান শৌভিক। এতে তিনি গুরুতর আহত হন। পরে প্যারাসেলিং কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সহেল জানান, দুপুর ২টা ১০ মিনিটে তাকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনার পর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, কক্সবাজারে দীর্ঘদিন ধরে প্যারাসেলিং পরিচালিত হলেও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর তদারকি নেই। অতীতেও একাধিক দুর্ঘটনার পর প্রশাসন সাময়িকভাবে এ কার্যক্রম বন্ধের নির্দেশ দিলেও অল্প সময়ের মধ্যেই তা আবার চালু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি দূর করে পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।










