যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে ১০ দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ‘উন্নত মমশির’ ক্লাব। সম্প্রতি এক নারী শিক্ষার্থীর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হলে এসব দাবি জানানো হয়।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে প্রক্টরের কার্যালয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় তারা ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার এবং বহিরাগতদের অবাধ প্রবেশ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) যবিপ্রবি ক্যাম্পাসের ‘অদম্য একাত্তর’ এলাকায় এক নারী শিক্ষার্থী হেঁটে যাওয়ার সময় ফাহিম নামের এক বহিরাগত তার ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিওতে অশালীন গান যুক্ত করে টিকটকে প্রকাশ করা হয়। ভিডিওতে শিক্ষার্থীর চলাচলের সময় কয়েকজন বহিরাগতকে অশোভন আচরণ করতেও দেখা যায়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার পর ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, অনুমতি ছাড়া ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের মতো ঘটনায় শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা হুমকির মুখে পড়ছে।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় নজরদারি বাড়ানো, সিসিটিভি ক্যামেরার কার্যকর মনিটরিং এবং নিয়মিত ক্যাম্পাস পর্যবেক্ষণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে বেপরোয়া ও উচ্চগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ, ইভটিজিং ও হয়রানিতে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা এবং অনুমোদনহীন ভিডিও ধারণ ও টিকটকসহ অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড বন্ধের দাবি জানানো হয়েছে।
এ ছাড়া নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, দায়িত্বে অবহেলার ক্ষেত্রে জবাবদিহি এবং নিরাপত্তা-সংক্রান্ত অভিযোগ দ্রুত গ্রহণ ও নিষ্পত্তির জন্য কার্যকর ব্যবস্থা চালুর দাবিও জানানো হয়েছে।
ক্লাবের সভাপতি আল শাহরিয়ার রাফিদ বলেন, বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ে এসে নারী শিক্ষার্থীদের অনুমতি ছাড়া ভিডিও ধারণ করেছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তারা প্রক্টরের কাছে স্মারকলিপি দিয়েছেন। প্রক্টর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।
রসায়ন বিভাগের শিক্ষার্থী নাঈমা খান বলেন, ক্যাম্পাসে বেপরোয়া গাড়ি চালানো এবং শিক্ষার্থীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তারা উদ্বিগ্ন। দায়ীদের জবাবদিহির আওতায় আনতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান বলেন, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। অভিযুক্ত বহিরাগতদের তাদের অভিভাবকসহ বিশ্ববিদ্যালয়ে ডাকা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টির সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি চৌগাছা থানার পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। ক্যাম্পাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।










