রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি নিতে মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। সকাল ১১টায় ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠেয় এ বৈঠকে নির্বাচন কমিশনের কমিশনার, ইসি সচিবালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রস্তুতি, ভোটগ্রহণের প্রক্রিয়া এবং প্রশাসনিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। নির্বাচন নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সমন্বয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে ইতোমধ্যে বিরোধী দলীয় জোট জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী ঘোষণা করেছে। অন্যদিকে ক্ষমতাসীন বিএনপি এখনো তাদের প্রার্থীর নাম প্রকাশ করেনি।
দুইজন প্রার্থী চূড়ান্ত হলে ১৯৯১ সালে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি পদে ভোট অনুষ্ঠিত হবে। এর আগে ১৯৯১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করেছিলেন। এরপর টানা সাতটি রাষ্ট্রপতি নির্বাচনেই ক্ষমতাসীন দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
জামায়াত নেতৃত্বাধীন জোট প্রার্থী ঘোষণা করার পর নির্বাচন কমিশন প্রস্তুতি জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় সোমবার অনির্ধারিত বৈঠক করার পর আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন সিইসি ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।










