ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের সব কর্মকর্তাকে টেলিটকের করপোরেট সিম দেওয়া হয়েছে। নাগরিক সেবা আরও দ্রুত ও সহজ করতে কর্মকর্তাদের মধ্যে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ডিএনসিসির ষষ্ঠ তলার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মকর্তাদের হাতে এসব করপোরেট সিম তুলে দেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের দেওয়া টেলিটক করপোরেট সিম বুধবার (১৯ আগস্ট) থেকে সব কর্মকর্তা চালু করবেন এবং এ সিমের মাধ্যমে সব কর্মকর্তা যোগাযোগ রাখবেন।’
তিনি বলেন, করপোরেট সিম চালুর ফলে ডিএনসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। একই সঙ্গে নাগরিকদের বিভিন্ন সমস্যা ও সেবা-সংক্রান্ত বিষয়ে কর্মকর্তাদের মধ্যে সমন্বয় বাড়বে।
শফিকুল ইসলাম খান আরও বলেন, ‘নাগরিক সেবা প্রদানের পথ এ সিমের মাধ্যমে আরও সুগম হবে।’ দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন জরুরি বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ নিশ্চিত করতেও এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, করপোরেশনের নবম গ্রেড থেকে শুরু করে তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের এ করপোরেট সিমের আওতায় আনা হয়েছে। বুধবার থেকে কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এসব সিম ব্যবহার শুরু করবেন।
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্তৃপক্ষ আশা করছে, নতুন এই যোগাযোগব্যবস্থা চালুর ফলে ডিএনসিসির প্রশাসনিক কার্যক্রমে সমন্বয় বাড়ার পাশাপাশি নগরবাসীকে বিভিন্ন নাগরিক সেবা দেওয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের পারস্পরিক যোগাযোগ আরও কার্যকর হবে।










