জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দেওয়ার সময় আবেগাপ্লুত হয়ে কেঁদেছেন দলের সদ্য বিদায়ী মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সংসদ সদস্যদের কাছে নিজের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এই বৈঠক শুরু হয়। প্রায় দেড় ঘণ্টার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বক্তব্যের একপর্যায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবেগাপ্লুত হয়ে পড়েন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব ও মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের সময় কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকলে সহকর্মীদের কাছে ক্ষমা চান তিনি।
দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া, প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, দলের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক পথচলার স্মৃতি তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতির দায়িত্ব পেলে বঙ্গভবনে গিয়ে দলীয় সহকর্মীদের সঙ্গে এই পরিচিত পরিবেশের অভাব অনুভব করবেন বলেও আবেগ প্রকাশ করেন তিনি।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দল তাঁর ওপর যে আস্থা ও সম্মান রেখেছে, তা রক্ষার অঙ্গীকারও করেন মির্জা ফখরুল। এ সময় তিনি সবার কাছে দোয়া চান।
সভায় মির্জা ফখরুলের রাজনৈতিক ত্যাগের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দলের কঠিন সময়ে ফখরুল সাহসিকতার সঙ্গে দলের নেতৃত্ব দিয়েছেন। রাজনৈতিক জীবনে তাঁকে কারাবরণও করতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিজয়ী করতে বিএনপির সব সংসদ সদস্যকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে ভোট দেওয়ার নির্দেশ দেন তারেক রহমান।
একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও সংসদ সদস্যদের সতর্ক করেন তিনি। দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হওয়ায় এবারের নির্বাচনকে চ্যালেঞ্জিং উল্লেখ করে নিজ নিজ এলাকায় তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে দূরত্ব থাকলে তা দ্রুত কমানোর নির্দেশ দেন বিএনপি চেয়ারম্যান।
তিনি আরও বলেন, দল যাঁকে সমর্থন দেবে, তাঁর বাইরে গিয়ে কোনো সংসদ সদস্য বা নেতা যেন বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ না করেন। স্থানীয় পর্যায়ে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকে সমর্থন দিয়ে বিজয়ী করার ওপরও গুরুত্ব দেন তিনি।
সভায় চিফ হুইপ নুরুল ইসলাম মনি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার নিয়ম ও প্রক্রিয়া সম্পর্কে সংসদ সদস্যদের বিস্তারিত জানান। তিনি জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন। রাষ্ট্রপতি নির্বাচিত হলে আইন অনুযায়ী তাঁর ঠাকুরগাঁও-৩ আসনটি শূন্য হবে।
বিএনপির সংসদীয় দলের সভায় দলের স্থায়ী কমিটির সদস্যসহ অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।










