ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত বিজিবি সদস্যরা সেখানে দায়িত্ব পালন করবেন। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, রোববার থেকে গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। কোনাবাড়ি, শফিপুর ও কালিয়াকৈরসহ আশপাশের এলাকায় শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ইন্টারস্টপ কারখানার শ্রমিকরা। তাঁদের দাবি, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। পরে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরাও আন্দোলনে যোগ দেন।
শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পুলিশ শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও তাঁরা অবরোধ চালিয়ে যান।
একপর্যায়ে বিক্ষোভকারীরা মহাসড়কে আগুন জ্বালিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় পুলিশের একটি গাড়িসহ অন্তত ১৫ থেকে ১৬টি যানবাহন ভাঙচুর করা হয়। ধাওয়া-পাল্টাধাওয়ায় শ্রমিক ও পুলিশের কয়েকজন আহত হন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৫টার দিকে টিয়ারশেল নিক্ষেপের পর শ্রমিকেরা সড়ক থেকে সরে যান। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।










