বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ার পর তাকে অভিনন্দন জানিয়েছে চীন ও যুক্তরাজ্য। নির্বাচনের ফল ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ঢাকায় চীনা দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশন পৃথক বার্তায় শুভেচ্ছা জানায়।
বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা করেন। এতে মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় চীন
ফল প্রকাশের প্রায় ১৫ মিনিট পর চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা ফখরুলকে অভিনন্দন জানানো হয়।
বার্তায় বলা হয়, বাংলাদেশ-চীন সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় বেইজিং। নতুন যুগে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়িয়ে ‘অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ কমিউনিটি’ গড়ে তুলতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
চীনের পক্ষ থেকে আশা করা হয়েছে, দুই দেশের যৌথ উদ্যোগে উভয় দেশের জনগণ আরও বেশি সুফল পাবে।
অংশীদারত্ব জোরদারে ঢাকার সঙ্গে কাজ করবে লন্ডন
চীনের পর ব্রিটিশ হাইকমিশনও নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানায়।
ব্রিটিশ হাইকমিশনের বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।
একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অংশীদারত্ব আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছে যুক্তরাজ্য।
একই দিনে দুই গুরুত্বপূর্ণ দেশের অভিনন্দনকে নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের প্রাক্কালে বাংলাদেশের আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগের গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।










