বলিউডের উদীয়মান অভিনেত্রী মেধা শঙ্কর ও জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান সময় রায়নাকে ঘিরে প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছে। এবার সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক পোস্টের বরাত দিয়ে দাবি করা হচ্ছে, চলতি বছরের ডিসেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে পারেন মেধা ও সময়।
এই বিয়ের খবরের সূত্রপাত মূলত রেডিটে প্রকাশিত একটি পোস্ট থেকে। সেখানে পোস্টদাতা দাবি করেছেন, তিনি সময় রায়নার পরিবারের ঘনিষ্ঠ একজন এবং তার মায়ের কাছ থেকেই নাকি এই বিয়ের খবর পেয়েছেন। পোস্টে আরও দাবি করা হয়, সময় ও মেধা বর্তমানে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন এবং সময় দ্রুতই মেধাকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চান।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। মেধা শঙ্কর বা সময় রায়নার পক্ষ থেকেও বিয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিষয়টি আপাতত অনলাইন গুঞ্জন হিসেবেই বিবেচিত হচ্ছে।
এর আগেও বিভিন্ন সময়ে মেধা ও সময়কে একসঙ্গে দেখা যাওয়ায় তাদের সম্পর্ক নিয়ে আলোচনা তৈরি হয়। কিছুদিন আগে সুইজারল্যান্ডের ইন্টারলাকেনে তাদের একসঙ্গে থাকার একটি ঝাপসা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া সময় রায়নার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর দ্বিতীয় সিজনে অতিথি হিসেবে মেধা শঙ্করের উপস্থিতিও ভক্তদের মধ্যে কৌতূহল বাড়িয়েছিল।
অন্যদিকে, এর আগে শ্যারন ভার্মার সঙ্গে সম্পর্কের গুঞ্জন উঠলে সময় রায়না সরাসরি তা অস্বীকার করেছিলেন। তবে মেধা শঙ্করের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে এখন পর্যন্ত দুজনের কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
সব মিলিয়ে ডিসেম্বরের বিয়ের খবরটি নিয়ে বলিউড ও নেটদুনিয়ায় নতুন করে আলোচনা শুরু হলেও, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এটিকে নিশ্চিত খবর হিসেবে দেখার সুযোগ নেই। সময় রায়না ও মেধা শঙ্করের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেলে তবেই বিষয়টি স্পষ্ট হবে।
সূত্র: নিউজ১৮










