গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ থেকে ৬ জন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার শিবগাতি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খুলনা থেকে ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ক-১১-৪২৯৬ নম্বরের প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। একই গাড়ির আরও এক যাত্রী গুরুতর আহত হন।
সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের জঙ্গলে ঢুকে পড়ে। এতে বাসের ৪ থেকে ৫ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
দুর্ঘটনার খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও ভাঙ্গা হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। হাইওয়ে পুলিশ জানিয়েছে, নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকার পুলিশের হেফাজতে রয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।










