টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছেন। এবার নতুন সিনেমা ‘অটবি’তে চেনা ইমেজের বাইরে ভিন্নধর্মী একটি চরিত্রে দেখা যাবে তাকে।
সিনেমাটির মুক্তিকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মধুমিতা। এ সময় নিজের নতুন চরিত্র, অভিনয়ের চ্যালেঞ্জ এবং ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।
মধুমিতার ভাষ্য অনুযায়ী, ‘অটবি’র চরিত্রটির মনস্তাত্ত্বিক দিকই তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। একজন পরিচালক তাকে প্রচলিত চরিত্রের বাইরে এমন একটি ভূমিকায় কল্পনা করেছেন, এটিকেই অভিনেত্রী হিসেবে নিজের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি। একই ধরনের চরিত্রে আটকে না থেকে অভিনয়ে নতুন কিছু করতে চান মধুমিতা।
নতুন চরিত্রটি ফুটিয়ে তুলতে চোখের দৃষ্টি, মুখের অভিব্যক্তি ও শরীরী ভাষার ওপর বিশেষভাবে কাজ করতে হয়েছে বলেও জানান তিনি। চরিত্রটির আচরণ স্বাভাবিক না হওয়ায় পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়া ছিল তার জন্য অন্যতম চ্যালেঞ্জ।
ক্যারিয়ারের শুরুর দিকে নিয়মিত অনেক কাজ করলেও বর্তমানে বেছে কাজ করছেন মধুমিতা। এর কারণ হিসেবে ব্যক্তিগত জীবন ও পরিবারের জন্য সময় রাখার প্রয়োজনীয়তার কথা জানান তিনি। তার কাছে বাবা-মা ও কাছের মানুষদের গুরুত্বও অনেক।
সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া ও সামঞ্জস্যকে গুরুত্বপূর্ণ মনে করেন এই অভিনেত্রী। তার মতে, দুজন মানুষের মতামত ভিন্ন হতে পারে, তবে মৌলিক বিষয়গুলোতে পারস্পরিক বোঝাপড়া থাকা জরুরি।
প্রায় ১৭ থেকে ১৮ বছরের অভিনয়জীবনে দর্শকদের ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন মধুমিতা। পাশাপাশি কাজের ভুলত্রুটি নিয়ে দর্শকদের সমালোচনাকেও ইতিবাচকভাবে নিতে চান তিনি।










