মাদকদ্রব্যসহ আটক খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন দ্বিতীয় বর্ষের কাজী রিয়াজুস ছলেহীন, এসএম তৌফিক আলম ও মো. মুশফিক উল ইসলাম।
বিশ্ববিদ্যালয় সূত্র ও বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার সন্ধ্যায় ছাত্রবিষয়ক পরিচালক দপ্তরের নিয়মিত টহল কার্যক্রম চলাকালে ৪ নম্বর একাডেমিক ভবন থেকে ওই তিন শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে গাঁজা পাওয়া গেছে বলে দাবি করেছে ছাত্রবিষয়ক পরিচালক দপ্তরের সদস্যরা।
বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শৃঙ্খলা অধ্যাদেশের ৬(খ) ও ২৪ ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কার ও জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘটনাটি আরও তদন্ত করতে সহকারী ছাত্রবিষয়ক পরিচালক এহসান মজিদ মোস্তফাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন বলেন, নিয়মিত টহলের সময় তিন শিক্ষার্থীকে আটক করা হয় এবং তাদের কাছে মাদকদ্রব্য পাওয়া গেছে। বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি নিয়ম অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবে।










