শিশু-কিশোরদের সংগীত প্রতিভা খুঁজে বের করতে আয়োজিত আরটিভির রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’–এর দ্বিতীয় সিজনের বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে চ্যানেল কর্তৃপক্ষ।
আরটিভির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লুইপা রিয়েলিটি শোটির দ্বিতীয় সিজনের প্রোমো শুট, পোস্টার শুট ও প্রাথমিক বাছাইসহ বিভিন্ন কার্যক্রমে নিয়মিত অংশ নিয়েছেন। শোর পরিকল্পনা, শিডিউল, অ্যাডভান্স ও নিয়মকানুন সম্পর্কে অবগত হয়েই তিনি কাজ শুরু করেছিলেন বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।
চ্যানেলটির ভাষ্য অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর স্টুডিও অডিশন রাউন্ডের শুটিংয়ে অংশ নেওয়ার পর হঠাৎ লুইপা জানান, তিনি যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন এবং পরদিনই দেশটিতে চলে যাবেন। ফলে শোটির দ্বিতীয় সিজনে আর থাকা তার পক্ষে সম্ভব হবে না বলে জানান তিনি। এতে চলমান শুটিং ও অন্যান্য আয়োজন স্থবির হয়ে পড়ে বলে জানিয়েছে আরটিভি।
আরটিভির পক্ষ থেকে লুইপাকে শোর মাঝপথে সরে না যাওয়ার অনুরোধ করা হয়। প্রতিষ্ঠানটির দাবি, হঠাৎ বিচারকের দায়িত্ব থেকে সরে গেলে প্রতিযোগী শিশু-কিশোর, তাদের অভিভাবক, আয়োজক এবং স্পনসররা আর্থিক ও অন্যান্য ক্ষতির মুখে পড়তে পারেন।
এ ধরনের পরিস্থিতিকে দায়িত্বহীনতা ও অন্যায় হিসেবে উল্লেখ করে আরটিভি জানিয়েছে, বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে আলোচনা চলছে।
এ বিষয়ে লুইপার বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও তিনি ব্যস্ততার কথা জানিয়ে মন্তব্য করতে রাজি হননি। পরে খুদে বার্তা পাঠানো হলেও তার কোনো উত্তর পাওয়া যায়নি।










