নির্বাচনে কুড়িগ্রাম থেকে কোনো আসন না পেলেও উন্নয়নের ক্ষেত্রে জেলাটিকে অবহেলা করা হবে না বলে জানিয়েছেন দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভাগের কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। এর প্রভাব প্রশাসনের বিভিন্ন পর্যায়েও পড়েছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন ক্ষেত্রে যে অসঙ্গতি ও অনিয়ম রয়েছে, তা একদিনে দূর করা সম্ভব নয়। এসব বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং রাষ্ট্রযন্ত্রকে আরও কার্যকর করার চেষ্টা করছে।
তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য শক্তিশালী ও কার্যকর প্রশাসন প্রয়োজন। জনগণের সেবা নিশ্চিত করতে রাষ্ট্রের প্রতিটি বিভাগকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। একই সঙ্গে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।
কুড়িগ্রামের উন্নয়ন প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, সরকার এ জেলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। নির্বাচনে কোনো আসন না পেলেও উন্নয়নের ক্ষেত্রে কুড়িগ্রামকে কোনোভাবেই অবহেলা করা হবে না।
মন্ত্রী কুড়িগ্রামকে দেশের একটি পশ্চাৎপদ জেলা হিসেবে উল্লেখ করে বলেন, এখানকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। জেলার অনেক মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। তাদের জীবনমান উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্যবিমোচনের কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি জানান, কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কাজের সুযোগ তৈরি, মানুষের আয় বৃদ্ধি এবং দারিদ্র্য কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আধুনিক অবকাঠামোর মাধ্যমে উপজেলা পর্যায়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ সহজে সরকারি সেবা পাওয়ার সুযোগ পাবেন।
এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










