সৌদি আরবের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা ও পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। প্রয়োজনে সৌদি আরবকে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে ইসলামাবাদ।
সোমবার (১৯ অক্টোবর) সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অবস্থান তুলে ধরেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
তিনি বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং মক্কা ও মদিনার পবিত্র স্থানগুলোর নিরাপত্তা পাকিস্তানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে কোনো ধরনের আপসের সুযোগ নেই বলেও তিনি স্পষ্ট করেন।
সম্প্রতি সৌদি আরবের ওপর হুতিদের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে পাকিস্তানের এই বক্তব্য সামনে এসেছে। আহমেদ শরীফ চৌধুরী জানান, এ ধরনের হামলার জবাব দিতে সংশ্লিষ্ট দেশগুলোর সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ। মক্কা চুক্তির আওতাভুক্ত দেশগুলোর সমন্বিত পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার কথা উল্লেখ করেন তিনি।
পাকিস্তানের এই সামরিক কর্মকর্তা আরও জানান, সৌদি আরবকে প্রয়োজনীয় সামরিক সহায়তা দেওয়া হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে পাকিস্তান।
এদিকে ইয়েমেন সরকারকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো অনুরোধ এসেছে কি না, তা তাঁর জানা নেই। তবে এ ধরনের অনুরোধ এলে তা বিবেচনা করে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।
সৌদি আরবের নিরাপত্তা নিয়ে পাকিস্তানের এই বক্তব্য দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির গুরুত্বকে সামনে এনেছে। তবে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে বিস্তারিত কোনো পরিকল্পনা প্রকাশ করেননি আইএসপিআরের মহাপরিচালক।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন










