নিজস্ব প্রতিবেদক | বাংলা গেজেটা
বিদেশে কেনাকাটা, ভ্রমণ ও বিভিন্ন সেবার মূল্য পরিশোধে ব্যাংক কার্ডের ব্যবহার বাড়ছে বাংলাদেশিদের। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্টে দেশের ব্যাংক থেকে ইস্যু করা কার্ড ব্যবহার করে বিদেশে ৯৮৭ কোটি টাকা ব্যয় করেছেন গ্রাহকরা। এর মধ্যে ক্রেডিট কার্ডে ৫০৫ কোটি, ডেবিট কার্ডে ৪২২ কোটি এবং প্রিপেইড কার্ডে ৬০ কোটি টাকা খরচ হয়েছে।
বিদেশে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি ব্যয় করেছেন যুক্তরাষ্ট্রে। আগস্টে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের মোট ব্যয়ের ১৭ দশমিক ১৬ শতাংশ হয়েছে দেশটিতে। এরপর রয়েছে থাইল্যান্ড, যুক্তরাজ্য, ভারত ও সিঙ্গাপুর। দেশগুলোতে ব্যয়ের হার যথাক্রমে ১০ দশমিক ৮৬, ৯ দশমিক ৭৫, ৯ দশমিক ১২ ও ৭ দশমিক ৯৮ শতাংশ।
দেশে কার্ডভিত্তিক লেনদেন দ্বিগুণ
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা যায়, গত পাঁচ বছরে দেশে কার্ডের মাধ্যমে লেনদেনের অর্থমূল্য প্রায় ১০৩ শতাংশ বেড়েছে। ২০২১ সালের সেপ্টেম্বরে কার্ডভিত্তিক লেনদেনের পরিমাণ ছিল ২৪ হাজার ৫৬১ কোটি টাকা। চলতি বছরের আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৭৭০ কোটি টাকায়।
একই সময়ে ব্যাংক কার্ডের সংখ্যাও প্রায় ৯৬ শতাংশ বেড়েছে। ২০২১ সালের সেপ্টেম্বরে দেশে কার্ডের সংখ্যা ছিল দুই কোটি ৭০ লাখের কিছু বেশি। ২০২৬ সালের আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ২৪১টিতে।
মোট কার্ডের মধ্যে ডেবিট কার্ড চার কোটি আট লাখ ৮৭ হাজার ৮০৪টি, ক্রেডিট কার্ড ২৮ লাখ পাঁচ হাজার ৪৪৯টি এবং প্রিপেইড কার্ড ৯২ লাখ ৭০ হাজার ৯৮৮টি।
দেশে ক্রেডিট কার্ডে ব্যয় কমেছে
সামগ্রিকভাবে কার্ডভিত্তিক লেনদেন বাড়লেও আগস্টে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে ব্যয় আগের মাসের তুলনায় ৫ দশমিক ৪৪ শতাংশ কমেছে। জুলাইয়ে এ ব্যয় ছিল চার হাজার ৩২৫ কোটি টাকা, যা আগস্টে নেমে আসে চার হাজার ৮৯ কোটি ৩০ লাখ টাকায়।
আগস্টে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে, ১ হাজার ৯৬৯ কোটি টাকা। খুচরা বিক্রয়কেন্দ্রে ৫১৮ কোটি, ইউটিলিটি বিল পরিশোধে ৪৪২ কোটি এবং ওষুধ কেনায় ২৮৪ কোটি টাকা ব্যয় করেছেন গ্রাহকরা।
এদিকে, বিদেশি ব্যাংক কার্ড ব্যবহার করে বাংলাদেশে ব্যয়ও বেড়েছে। আগস্টে বিদেশিরা দেশে কার্ডের মাধ্যমে ২৪৯ কোটি টাকা খরচ করেছেন। আগের মাসের তুলনায় এ ব্যয় ৬ দশমিক ২৭ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় ৩৪ দশমিক ৬৬ শতাংশ বেশি।









