ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি এ নির্বাচনে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মঈন উদ্দীন খান।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে অন্য কোনো প্রার্থী না থাকলে এবং প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হলে এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে নির্বাচন কমিশন।
গত ১ অক্টোবর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। ওই শূন্য আসনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য হওয়ার লক্ষ্যে এলিজা জামান সোমবার মনোনয়নপত্র জমা দেন।
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আলোচনায় আসে। পরে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।
এলিজা জামান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। পাশাপাশি তিনি পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
জাতীয় সংসদে মোট আসন ৩৫০টি। এর মধ্যে ৩০০টি আসনে সরাসরি ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হন। বাকি ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। জাতীয় নির্বাচনে রাজনৈতিক দল বা জোটের অর্জিত আসনের অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৩৬টি সংরক্ষিত নারী আসন পেয়েছিল। এসব আসনের একটিতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। তাঁর পদত্যাগের পর শূন্য হওয়া আসনে এখন এলিজা জামানের সংসদ সদস্য হওয়ার পথ তৈরি হয়েছে।









