অপরাধ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে সুযোগ দেওয়ার ঘোষণা; ফের অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে অপরাধপ্রবণতা কমাতে মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশ করেছে পুলিশ। এতে অপরাধীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেওয়ার কথা জানিয়ে অপরাধ অব্যাহত রাখলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।
সোমবার (৭ সেপ্টেম্বর) কাঞ্চননগর-মানিকপুর আহমদিয়া কেরামতিয়া মহিলা দাখিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে একটি সচেতনতামূলক র্যালি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সম্প্রতি গ্রেপ্তার হওয়া আলোচিত অপরাধী ডেভিড ইমন ও স্থানীয় কালা মোবারকের সহযোগীদের উদ্দেশে এসপি বলেন, অপরাধচক্রের সঙ্গে জড়িত কেউ যদি ভালো পথে ফিরতে চান, তাদের নির্দিষ্ট সময় দেওয়া হবে। তবে সেই সুযোগ নেওয়ার পরও কেউ পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তাঁর বিরুদ্ধে কঠোরতম আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মো. মাসুদ আলম বলেন, অপরাধীরা পাহাড়, মাটি, সাগর কিংবা রাবার বাগান—যেখানেই আত্মগোপন করুক, পুলিশ তাদের খুঁজে বের করবে। কাঞ্চননগরকে অপরাধ ও সন্ত্রাসের ‘আঁতুড়ঘর’ হিসেবে পরিচিতি পাওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, গুটিকয়েক অপরাধীর কর্মকাণ্ডের দায় পুরো এলাকার মানুষ নিতে পারে না। তাই এলাকায় গড়ে ওঠা অপরাধের চক্র যেকোনো মূল্যে ধ্বংস করা হবে।
স্থানীয় বাসিন্দাদের অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে এসপি বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ ও প্রশাসন একযোগে কাজ করছে। জনগণের সহযোগিতা পেলে অপরাধীরা আর এলাকায় মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।
সভায় চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ ও ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল আলম খানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার এসআই সুমন দাশ।










