বরগুনার পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি হরিণের চামড়া ও একটি হরিণের মাথাসহ মো. ইব্রাহিম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় হরিণের মাংস পরিবহনে ব্যবহৃত একটি কাঠের বোটও জব্দ করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিশ্বাসবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কালিয়ার খাল এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা।
অভিযানের সময় ওই এলাকায় থাকা একটি কাঠের বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বোটের ভেতর থেকে বিপুল পরিমাণ হরিণের মাংস, হরিণের চামড়া ও একটি হরিণের মাথা উদ্ধার করা হয়। পরে এসব সামগ্রীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মো. ইব্রাহিমকে আটক করা হয়।
কোস্ট গার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ৩৫০ কেজি হরিণের মাংসের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২০ হাজার টাকা। এছাড়া তিনটি হরিণের চামড়ার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা এবং একটি হরিণের মাথার মূল্য প্রায় ১ হাজার টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
অভিযানের পর হরিণের মাংস, তিনটি চামড়া, হরিণের মাথা এবং পরিবহনে ব্যবহৃত কাঠের বোট জব্দ করা হয়। আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ করা মালামালসহ পাথরঘাটা উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত বলেন, উদ্ধার করা হরিণের মাংস ও অন্যান্য সামগ্রীর বিষয়ে বন বিভাগের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বনজ সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কোস্ট গার্ডের এ ধরনের অভিযান সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলের বন্যপ্রাণী সংরক্ষণ এবং অবৈধভাবে বন্যপ্রাণীর মাংস সংগ্রহ ও পরিবহন ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উদ্ধার করা মাংস ও অন্যান্য আলামত নিয়ে বন বিভাগ পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবে।










