রাজধানীর বনশ্রীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই বাসের চাপায় পিষ্ট হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষিকার নাম তাসপিয়া আহমেদ তিসা (৩১)। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখায় শিক্ষকতা করতেন।
নিহতের ভাই এনাম আহমেদ জানান, তাসপিয়া পেশাগত কাজে বাসা থেকে বের হয়েছিলেন। সন্ধ্যায় পরিবারের সদস্যরা জানতে পারেন, ফরাজী হাসপাতালের সামনে মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে দুই বাসের চাপায় তার মৃত্যু হয়েছে।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, রমজান পরিবহনসহ দুটি বাসের চাপায় ঘটনাস্থলেই তাসপিয়া আহমেদ মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে রাত ৯টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর রমজান পরিবহনের একটি বাসসহ দুর্ঘটনাকবলিত দুটি বাসই জব্দ করা হয়েছে। একই সঙ্গে বাস দুটির চালক ও হেলপারদের আটক করেছে পুলিশ।
নিহত তাসপিয়ার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ায়। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়ায় বসবাস করতেন।









