রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় ৫৫টি মামলা করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ বিভিন্ন ধরনের আলামত উদ্ধার ও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
রোববার (২০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৫২ জন, লালবাগে ৪৩, ওয়ারীতে ৫৭, মতিঝিলে ৬৩, তেজগাঁওয়ে ৭৯, মিরপুরে ১৪৬, গুলশানে ৪১ এবং উত্তরা বিভাগে ৪৫ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগের অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে একটি অবিস্ফোরিত ককটেল, ৫০০ গ্রাম গানপাউডার, ৫০০ গ্রাম ঝুট কাপড়, ২৫০ গ্রাম পেট্রোল এবং বিস্ফোরিত ককটেলের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩৫ গ্রাম পেরেক, সাতটি টিনের টুকরা, ১০ টুকরা স্কচটেপ, ১০৪টি পেরেক এবং একটি টিনের অংশ রয়েছে।
মাদকবিরোধী অভিযানে ৫৪ কেজি ২৪৫ গ্রাম গাঁজা, ৪ হাজার ১১৫টি ইয়াবা, ২১ গ্রাম হেরোইন এবং ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় একটি প্রাইভেটকার, তিনটি চাকু, একটি চাপাতি, একটি ছোট কাচি ও একটি কাটারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পাশাপাশি ফয়েল পেপার, গ্যাস লাইট, একটি নাইলনের রশি ও ১৪টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
ডিএমপি আরও জানায়, অভিযানে দুটি ইয়াবা তৈরির মেশিন, বিভিন্ন ধরনের ২ হাজার ৬০০ গ্রাম কেমিক্যাল, ৪৫৪ গ্রাম বেনেলিয়া পাউডার, ১৩ বোতল রং, ৩৫০টি খালি বোতল এবং ইয়াবা তৈরির মিশ্রিত উপাদান ১ হাজার ৫০০ গ্রাম উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুইজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে উদ্ধার হওয়া আলামত ও মাদকদ্রব্যের বিষয়ে তদন্ত চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।








