চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় মাদক কেনার টাকা জোগাড় করতে নিজের ২০ মাস বয়সী কন্যাসন্তানকে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে নিয়ে বের হওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। পরে শিশুটির মায়ের ফোন পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে অভিযান চালিয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে সদরঘাট থানা পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিশুটির মা সীমা (২৬) ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের জরুরি সহায়তা চান। তিনি জানান, তার স্বামী লোকমান হোসেন সাগর (২৭) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতে না পেরে তিনি ২০ মাস বয়সী কন্যাসন্তান ফাতেমা আক্তারকে কাউকে না জানিয়ে বাসা থেকে নিয়ে বের হয়েছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটিকে নিয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরে পরিবারে উদ্বেগ তৈরি হয়। পরে সীমা জরুরি সহায়তার জন্য ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে সদরঘাট থানার রাত্রিকালীন মোবাইল টহল দল ‘স্পেশাল-২৪’ দ্রুত অভিযান শুরু করে।
পুলিশ জানায়, শিশুটিকে উদ্ধারে নগরের বিভিন্ন সম্ভাব্য স্থানে প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালানো হয়। একপর্যায়ে পশ্চিম মাদারবাড়ির যুগী চাঁদ মসজিদ লেইন এলাকায় শিশুটির সন্ধান পাওয়া যায়। সেখান থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে রাতেই শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, শিশুটিকে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পরপরই পুলিশ তৎপর হয়। অভিযান চালিয়ে মাদারবাড়ি এলাকা থেকে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
ওসি আরও জানান, শিশুটিকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত বাবার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের দ্রুত অভিযানে শিশুটি নিরাপদে উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে পরিবারের মধ্যে। তবে শিশুটিকে কেন এবং কার কাছে নেওয়া হয়েছিল, তাকে বিক্রির কোনো উদ্যোগ নেওয়া হয়েছিল কি না—এসব বিষয় তদন্তের মাধ্যমে পরিষ্কার হবে।










