উন্নয়নের অধিকার বাস্তবায়নে সব দেশের অঙ্গীকার, দায়িত্ববোধ ও সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘উন্নয়নের অধিকার’ বিষয়ক এক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। জাতিসংঘের ‘উন্নয়নের অধিকার বিষয়ক ঘোষণা’ গ্রহণের ৪০ বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
শামা ওবায়েদ বলেন, উন্নয়নকে মানবাধিকারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও অংশগ্রহণমূলক উন্নয়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বক্তব্যে তিনি বাংলাদেশ সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার কার্ড’সহ বিভিন্ন জনবান্ধব কর্মসূচির বিষয় তুলে ধরেন। পাশাপাশি উন্নয়নের প্রক্রিয়ায় নারী ও যুবসমাজের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে কাউকে পিছিয়ে না রাখার নীতির ওপর জোর দেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, উন্নয়নের অধিকার নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা প্রয়োজন। উন্নয়ন ও জলবায়ু অর্থায়নে পূর্বানুমানযোগ্য ও ন্যায়সঙ্গত ব্যবস্থা, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সমান সুযোগ এবং উন্নয়নের অধিকার বাস্তবায়নে জবাবদিহির জন্য আইনগতভাবে বাধ্যতামূলক কাঠামো গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধি ও বিভিন্ন অংশীজন অংশ নেন। বাংলাদেশের পক্ষ থেকে উন্নয়ন, সামাজিক সুরক্ষা, প্রযুক্তি ও বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রে এসব অগ্রাধিকারের কথা তুলে ধরা হয়।










