সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ অনুসন্ধানে চার সদস্যের একটি বিশেষ কমিটিও গঠন করেছে সংস্থাটি।
বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালামকে বিশেষ টিমটির নেতৃত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অনুসন্ধানের আওতায় থাকা অন্য তিনজন হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।
দুদকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বেআইনি কাজ হাসিলের জন্য ঘুষ গ্রহণ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। এছাড়া বিদেশে অর্থপাচার, বেআইনি বিটকয়েন লেনদেন, চাঁদাবাজি, স্বজনপ্রীতি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের মতো অভিযোগও করা হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।
সূত্রের তথ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় আসিফ মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। দুদকে তার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগও জমা পড়েছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের সত্যতা অনুসন্ধানের মাধ্যমে যাচাই করা হবে।
এ ছাড়া সাবেক ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন বিষয়ে সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে।
দুদক সূত্র জানিয়েছে, অনুসন্ধানের মাধ্যমে অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা, আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যাচাই করা হবে। অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদ বা অন্য অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অনুসন্ধান শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।










