টানা দুই দিন বন্ধ থাকার পর দেশের প্রায় ৩০টি ব্যাংকের কিউ ক্যাশ নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত লেনদেন সেবা স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কিউ ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলো সেবাগুলো পুনরায় সচল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
কিউ ক্যাশের আওতাধীন গ্রাহকদের জন্য এ খবর স্বস্তির হলেও এর আগে দুই দিন ধরে বিভিন্ন ধরনের লেনদেন সেবা বন্ধ থাকায় ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছিল অনেক গ্রাহককে। বিশেষ করে এটিএম থেকে টাকা উত্তোলন, কার্ডের মাধ্যমে লেনদেন এবং পয়েন্ট অব সেলস বা পিওএস মেশিন ব্যবহারে সমস্যা দেখা দিয়েছিল।
মঙ্গলবার রাতে কিউ ক্যাশের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের আওতাভুক্ত সব সেবা বর্তমানে স্বাভাবিকভাবে চালু রয়েছে। ফলে সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহকরা আগের মতো স্বাভাবিক নিয়মে লেনদেন করতে পারবেন।
এরপর ব্যাংক এশিয়াও খুদে বার্তার মাধ্যমে গ্রাহকদের সেবা স্বাভাবিক হওয়ার বিষয়টি জানায়। ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়, তাদের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই কমার্স এবং কিউআর সেবা পুরোপুরি সচল হয়েছে। গ্রাহকদের স্বাভাবিক লেনদেন শুরু করার জন্যও ব্যাংকটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
এর আগে রোববার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ শুরু হলে প্রায় ৩০টি ব্যাংকের বিভিন্ন কার্ড ও লেনদেন সেবা বন্ধ হয়ে যায়। এর ফলে এটিএম, পিওএস এবং কার্ডভিত্তিক লেনদেনসহ আন্তঃব্যাংকিংয়ের কিছু সেবা সাময়িকভাবে ব্যাহত হয়।
প্রাথমিকভাবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পক্ষ থেকে গ্রাহকদের খুদে বার্তা পাঠিয়ে জানানো হয়েছিল, ১০ অক্টোবর দুপুর ১২টার পর এসব সেবা চালু হতে পারে। এতে গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয় এবং জরুরি লেনদেন করতে গিয়ে অনেকে সমস্যায় পড়েন।
পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ব্যাংক দ্রুত ব্যবস্থা নেয়। মঙ্গলবার কিউ ক্যাশের ব্যবস্থাপনা পরিচালককে কেন্দ্রীয় ব্যাংকে তলব করা হয়। একই দিনে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দ্রুত কার্ডভিত্তিক লেনদেন সেবা চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিউ ক্যাশ নেটওয়ার্কে রক্ষণাবেক্ষণ কাজের কারণে কয়েকটি ব্যাংকের লেনদেন সেবা ব্যাহত হওয়ায় গ্রাহকদের ভোগান্তি তৈরি হয়েছিল। গ্রাহকদের স্বাভাবিক লেনদেন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার কয়েক ঘণ্টার মধ্যেই কিউ ক্যাশের আওতাধীন সেবাগুলো পুরোপুরি সচল হয়। ফলে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর গ্রাহকরা এখন আবার স্বাভাবিকভাবে কার্ড, এটিএম, পিওএস এবং অন্যান্য লেনদেন সেবা ব্যবহার করতে পারছেন।










