চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে পাঁচ দিনব্যাপী বিনামূল্যের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এ কর্মসূচির আয়োজন করেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচিতে প্রায় ৬০০ নারী শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে।
চাকসু সূত্রে জানা যায়, পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী দুটি করে সেশনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রশিক্ষণে মার্শাল আর্টসের মৌলিক কলাকৌশল, বিভিন্ন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আত্মরক্ষার কৌশল এবং শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় কিছু মৌলিক ব্যায়াম শেখানো হবে।
আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে নারী শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় ব্যবহারিক ধারণা দেওয়া হবে। একই সঙ্গে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাদের সক্ষমতা বাড়ানোই কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য।
প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন একজন প্রশিক্ষক। কর্মসূচি শেষে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে সার্টিফিকেট দেওয়া হবে।
চাকসুর সহ-ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা বলেন, নারী শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে তারা আত্মরক্ষার মৌলিক বিষয়গুলো শেখার পাশাপাশি দুটি প্রশিক্ষণ সেশনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে সার্টিফিকেটও দেওয়া হবে।
তিনি আরও বলেন, নারী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি প্রয়োজনের সময় নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা তৈরিতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে নারী শিক্ষার্থীরা সম্ভাব্য বিপদ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নিজেদের সুরক্ষার বিষয়ে আরও সচেতন ও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন।










