সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ খুঁজে বের করতে তরুণদের মতামত নেওয়া এবং তাঁদের প্রশ্ন করার অবাধ সুযোগ তৈরি করা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মুজাফ্ফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘আইডিয়া ফেস্ট’-এর চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, প্রশ্ন করার চর্চা জ্ঞান, বিজ্ঞান ও দর্শনের মূল ভিত্তি। তরুণদের মধ্যে কৌতূহল, নতুন কিছু জানার আগ্রহ এবং উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানো গেলে জ্ঞানভিত্তিক ও বিজ্ঞানমনস্ক সমাজ গঠনের পাশাপাশি জাতীয় পরিকল্পনা প্রণয়নেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, তরুণদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হলে তাঁদের মধ্যে নতুন নতুন ধারণা ও চিন্তার জন্ম হবে। সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে আসা এসব ধারণাকে কাজে লাগিয়ে দেশের সংকট চিহ্নিত করা এবং সেগুলোর সমাধান বের করা সম্ভব।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, দেশ, সমাজ ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা করতে হবে। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে সীমাবদ্ধ না থেকে বন্ধু, সহপাঠী ও পরিচিতজনদের সঙ্গে এসব বিষয়ে মতবিনিময় করা প্রয়োজন। এতে চিন্তার পরিধি বাড়বে এবং বাস্তব সমস্যার সমাধানে নতুন ধারণা পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়গুলোতে মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হওয়ার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে বিশ্ববিদ্যালয়গুলোতেও কথা বলার সুযোগ সীমিত ছিল। নানা প্রতিকূলতার মধ্যেও জিয়াউর রহমান ফাউন্ডেশন শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন উদ্যোগ অব্যাহত রেখেছে। আইডিয়া ফেস্টের মাধ্যমে তরুণদের কৌতূহল ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানোর উদ্যোগ ভবিষ্যতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, সংগঠনটি বিভিন্ন সময়ে বিজ্ঞান মেলা আয়োজনের পাশাপাশি কোভিড-১৯ মহামারি ও ডেঙ্গু প্রাদুর্ভাবের সময় জনস্বাস্থ্যবিষয়ক উদ্যোগ গ্রহণ করেছে।
অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে সাতটি দল নিজেদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। কৃষি, স্বাস্থ্য ও বাণিজ্যসহ জাতীয় বিভিন্ন সমস্যা সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে তারা প্রস্তাব তুলে ধরে।
আয়োজক কমিটির সদস্যসচিব অধ্যাপক সোহাগ আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এ ছাড়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান উপস্থিত ছিলেন।










