বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে আলাদা হওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের জনপ্রিয় র্যাপার বাদশা ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি। কয়েক সপ্তাহ ধরে তাদের সম্পর্ক নিয়ে চলা নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সোমবার (৩১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সিদ্ধান্তের কথা জানান তারা। দুজনই একই ধরনের বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন, পারস্পরিক সম্মতির ভিত্তিতেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া বিবৃতিতে বাদশা জানান, তিনি ও ইশা রিখি নিজেদের আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্ত পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানান। সম্পর্কের বিষয়ে আর কোনো ধরনের অনুমান বা জল্পনা না করার আহ্বানও জানান তারা।
বাদশা ও ইশার সম্পর্ক দীর্ঘদিনই অনেকটা ব্যক্তিগত পর্যায়ে ছিল। চলতি বছরের মার্চে ঘরোয়া ও ব্যক্তিগত আয়োজনে তাদের বিয়ে হয়। পরে জুনে ইশা সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রশ্নোত্তর পর্বে তাদের বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।
তবে জুলাই মাস থেকেই তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়াতে শুরু করে। সে সময় ইশা সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় ও প্রার্থনা নিয়ে একটি রহস্যময় বার্তা প্রকাশ করেন। পরে তার মায়ের কিছু পোস্টও নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি করে। যদিও তখন বাদশা বা ইশা কেউই তাদের সম্পর্কের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
বিচ্ছেদের কারণ অবশ্য প্রকাশ করেননি তারা। বরং যৌথ বিবৃতিতে বিষয়টি নিয়ে আর কোনো মন্তব্য বা অনুমান না করার অনুরোধ জানিয়েছেন। ফলে তাদের দাম্পত্য জীবনের ইতি টানার প্রকৃত কারণ এখনো অজানা।
উল্লেখ্য, এটি বাদশার দ্বিতীয় বিবাহবিচ্ছেদ। এর আগে তিনি জেসমিন মসিহকে বিয়ে করেছিলেন। ২০২০ সালে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়। সেই সংসারে তাদের একটি কন্যাসন্তান রয়েছে।
এদিকে ইশা রিখিকে আসন্ন ‘বিগ বস ২০’-এর সম্ভাব্য প্রতিযোগী হিসেবে নেওয়া হতে পারে—এমন গুঞ্জনও রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।









