চার্টার্ড বিমানকে ‘খেলনা’ ও ‘লেগো বিমান’ বলার অভিযোগ; ব্যবসায়িক ক্ষতির দাবি বিমান সংস্থার
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চার্টার্ড বিমানকে ‘খেলনা’ ও ‘লেগো বিমান’ বলে মন্তব্য করার অভিযোগে বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি টাকার দেওয়ানি মানহানির মামলা করা হয়েছে। বিমান পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘ডুন্স অ্যাভিয়েশন’ আহমেদাবাদের গান্ধীনগর আদালতে মামলাটি দায়ের করেছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
ঘটনাটি ঘটে গত বছরের ডিসেম্বরে। মুম্বাই থেকে জয়পুর যাওয়ার পথে একটি সেসনা সাইটেশন সিজে-২ বিমানে ওঠার সময় নোরা ফাতেহি কয়েকটি ভিডিও ধারণ করেন। পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওগুলো প্রকাশ করেন তিনি। ওই অ্যাকাউন্টে তার প্রায় ৪ কোটি ৭০ লাখ অনুসারী রয়েছে।
প্রকাশিত ভিডিওতে বিমানটিকে খেলনা বা ‘লেগো বিমান’-এর সঙ্গে তুলনা করে মন্তব্য করেন নোরা। তার এই মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন বলে দাবি করেছে ডুন্স অ্যাভিয়েশন। প্রতিষ্ঠানটির অভিযোগ, নোরার মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তাদের ব্যবসায়িক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আর্থিক লোকসান হয়েছে।
বিমান সংস্থাটি আরও দাবি করেছে, সংশ্লিষ্ট উড়োজাহাজটি তার শ্রেণির একটি মানসম্মত বিমান। তাই বিমানটি নিয়ে নোরার প্রকাশ্য মন্তব্য তাদের সেবা ও পেশাদারিত্ব সম্পর্কে গ্রাহকদের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে।
জানা গেছে, এ ঘটনায় গত এপ্রিল মাসে গান্ধীনগরের আদালতে মামলাটি করা হয়। মামলার পরবর্তী শুনানি আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে ‘দিলবার’ ও ‘ও সাকি সাকি’র মতো জনপ্রিয় গানের মাধ্যমে পরিচিতি পাওয়া নোরা ফাতেহি সম্প্রতি একটি কন্নড় গানের কথার বিষয়েও সমালোচনার মুখে পড়েছিলেন। ওই গানের ভাষা না বোঝার কথা জানিয়ে পরে বিতর্কের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন তিনি।










