বিনোদন জগতের মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম তার ব্যক্তিগত পছন্দ, পোশাক ও জীবনযাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই আলোচনায় থাকেন। এবার পর্দা করা, নারীর ব্যক্তিগত পছন্দ এবং গণমাধ্যমে তার পুরোনো ছবি প্রকাশের প্রসঙ্গ তুলে নিজের ক্ষোভের কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মেঘনা আলম দাবি করেন, তিনি প্রায় দুই বছর ধরে মাথায় কাপড় দিয়ে থাকেন। তবে গণমাধ্যমে তার আগের সময়ের ছবি প্রকাশ করা হচ্ছে, যেখানে তার পোশাক নিয়ে ভিন্ন ধরনের উপস্থাপন দেখা যায়। এ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, একজন নারীর পছন্দ, স্বাচ্ছন্দ্য ও পরিমিত পোশাকের বিষয়গুলোর চেয়ে অনেক সময় সংবাদ বা কনটেন্টের ভিউকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
নিজের স্ট্যাটাসে মেঘনা আলম লেখেন, ‘আমি মাথায় কাপড় দিয়ে থাকি প্রায় দুই বছর। এদিকে মিডিয়া সব নিউজ করে আমার আগের ক্লিভেজ শো করা। একজন নারীর চয়েস, কমফোর্ট, মডেস্টি— সব কিছুর চেয়ে ভিউ বেশি গুরুত্বপূর্ণ।’ এ কারণেই ইচ্ছা থাকা সত্ত্বেও পর্দা করা তার জন্য সম্ভব হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
তার এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। নেটিজেনদের কেউ তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করছেন, আবার কেউ ভিন্নমতও প্রকাশ করছেন। তবে সমালোচনার মধ্যেও নিজের পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে নিজের সিদ্ধান্তের বিষয়টি স্পষ্ট করেছেন মেঘনা আলম।
এর আগে গত ৬ সেপ্টেম্বর ফেসবুকে দেওয়া আরেকটি পোস্টে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন তিনি। সেখানে মেঘনা আলম দাবি করেন, এখন পর্যন্ত কোনো শারীরিক সম্পর্কে জড়াননি তিনি। তার ভাষ্য অনুযায়ী, শুধু ধর্মীয় পোশাক বা লেবাস অনুসরণ না করার কারণে তাকে বিভিন্ন ধরনের অপবাদ শুনতে হয়।
তিনি প্রশ্ন তোলেন, একজন নারীর পোশাক কিংবা ব্যক্তিগত জীবনযাপনের ধরনকে কেন্দ্র করে কেন তাকে নানা ধরনের নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হতে হবে। একই সঙ্গে নারীর ব্যক্তিগত পছন্দ ও জীবনযাপনের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
মেঘনা আলম তার পোস্টে সমাজের দ্বিমুখী মানসিকতারও সমালোচনা করেন। তার অভিযোগ, ধর্মীয় বা নৈতিকতার কথা বলা কিছু প্রভাবশালী ব্যক্তিকে ঘিরে গুরুতর অভিযোগ কিংবা বিতর্কিত অডিও সামনে এলেও অনেক ক্ষেত্রে তাদের নির্দোষ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়। অন্যদিকে, পোশাক বা ব্যক্তিগত জীবনযাপনের কারণে নারীদের দ্রুত বিচার ও সমালোচনার মুখে পড়তে হয়।
এ ধরনের সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলে তিনি ‘এ কেমন দুনিয়া?’ বলেও মন্তব্য করেন। একই সঙ্গে নিজের পুরোনো ছবি এবং বর্তমান জীবনযাপনের মধ্যে পার্থক্য রয়েছে উল্লেখ করে গণমাধ্যমে পুরোনো ছবি ব্যবহারের প্রবণতা নিয়েও প্রশ্ন তুলেছেন এই মডেল ও রাজনীতিবিদ।
মেঘনা আলমের সাম্প্রতিক বক্তব্য মূলত নারীর ব্যক্তিগত পছন্দ, পোশাক, সামাজিক বিচার এবং গণমাধ্যমের সংবাদ উপস্থাপনের ধরনকে ঘিরেই। তার বক্তব্য প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।










