সেলিব্রিটিদের জীবনযাপন ও ব্যক্তিগত গল্প নিয়ে নির্মিত নতুন অনুষ্ঠান ‘লং ড্রাইভ’-এ আড্ডায় অংশ নিতে যাচ্ছেন দেশের জনপ্রিয় তারকারা। অনুষ্ঠানের পরবর্তী পর্বগুলোতে তানজিন তিশা, কেয়া পায়েল ও ইরফান সাজ্জাদসহ আরও কয়েকজন তারকাকে দেখা যাবে।
ক্রিয়েটিভ এজেন্সি আইডিয়া স্পেসের প্রযোজনায় নির্মিত অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। কন্টেন্ট স্পেসের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। পাশাপাশি দর্শকরা ডোয়েল স্ট্রিমিং সার্ভিসেও অনুষ্ঠানটি দেখতে পারবেন।
ইতোমধ্যে ‘লং ড্রাইভ’-এর প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। পর্বটি সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মগুলোতে প্রকাশ করা হয়েছে।
অনুষ্ঠানটির ধারণার প্রবক্তা চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় সোমাদ্দার জানান, ‘লং ড্রাইভ’কে সাধারণ সেলিব্রিটি টক শোর মতো করে সাজানো হয়নি। তারকাদের জীবনযাপন, ব্যক্তিগত অভিজ্ঞতা ও তাদের গল্প তুলে ধরাই এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য।
সঞ্জয় সোমাদ্দার আরও জানান, অনুষ্ঠানটিতে বিনোদনের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধের বিষয়টিও রাখা হয়েছে। কিছু পর্বে তারকাদের ভক্তদের সঙ্গে কাটানো সময়ের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশু ও অনগ্রসর মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হবে।
অনুষ্ঠানটির প্রযোজক ইশতি আহমেদ বলেন, তারকাদের ব্যক্তিগত জীবনের কিছু অজানা গল্প এবং গাড়ি চালানোর আনন্দ দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে সমাজের প্রতি দায়িত্ববোধের একটি বার্তাও অনুষ্ঠানের মাধ্যমে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।










