বাংলাদেশে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের একটি ভিডিওকে ভারতবিরোধী বিক্ষোভের দৃশ্য বলে প্রচার করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ। ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, সংবাদমাধ্যমটির এই দাবি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনার।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, টাইমস নাউয়ের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করে বাংলাদেশে ভারতবিরোধী বিক্ষোভের দৃশ্য হিসেবে উপস্থাপন করা হয়। পোস্টের ক্যাপশনে গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে বিরোধ, জাপানের সহায়তাপুষ্ট একটি বন্দর প্রকল্প এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা বাড়ার দাবি করা হয়।
তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে ভিডিওটির ভিন্ন প্রেক্ষাপট পাওয়া গেছে। ভিডিওতে একজন গণমাধ্যমকর্মীকে পুলিশ ও পোশাকশ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা বর্ণনা করতে শোনা যায়।
অনুসন্ধানে মো. শাহিন হাওলাদার নামের একটি ফেসবুক পেজে গত ১ নভেম্বর একই ভিডিও প্রকাশিত হওয়ার তথ্য পাওয়া যায়। ওই পোস্টে ভিডিওটিকে মিরপুর ১০ এলাকায় পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের দৃশ্য হিসেবে উল্লেখ করা হয়েছিল।
রিউমর স্ক্যানার আরও জানায়, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনের সঙ্গে ভিডিওটির সম্পর্ক রয়েছে। এর সঙ্গে ভারতবিরোধী কোনো বিক্ষোভের যোগসূত্র পাওয়া যায়নি।
প্রতিষ্ঠানটির ফ্যাক্টচেক অনুযায়ী, পুরোনো ঘটনার ভিডিওকে ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে উপস্থাপন করে বিভ্রান্তিকর দাবি ছড়ানো হয়েছে। ফলে ভিডিওটিকে বাংলাদেশে ভারতবিরোধী বিক্ষোভের দৃশ্য হিসেবে প্রচার করা মিথ্যা।
ঘটনার প্রেক্ষাপট যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও বা সংবাদ বিশ্বাস করার আগে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করার গুরুত্বও এ ঘটনা সামনে এনেছে।










