ভালোবাসার সম্পর্কে সঙ্গীকে নিয়ে নানা ধরনের প্রশ্ন বা সন্দেহ তৈরি হওয়া স্বাভাবিক। তবে একই প্রশ্ন যদি বারবার মনে ফিরে আসে, উত্তর পাওয়ার পরও যদি মন শান্ত না হয় এবং সম্পর্ক নিয়ে চিন্তা দিনের বড় একটি সময় দখল করে নেয়, তাহলে বিষয়টি অতিরিক্ত দুশ্চিন্তার লক্ষণ হতে পারে।
চিকিৎসক, কাউন্সেলর ও সাইকোথেরাপি প্র্যাকটিশনার অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া বলেন, এ ধরনের সমস্যায় অনেক সময় মানুষ নিজের অনুভূতি নিয়েই সন্দেহে ভুগতে পারেন। মনে হতে পারে, ‘আমি কি সত্যিই তাকে ভালোবাসি?’, ‘আগের মতো ভালো লাগছে না কেন?’ কিংবা ‘আমি কি ভুল মানুষকে বিয়ে করেছি?’
বিশেষজ্ঞের মতে, শুধু প্রশ্ন মনে আসা কোনো সমস্যা নয়। কিন্তু উত্তর পাওয়ার পরও যদি একই সন্দেহ বারবার ফিরে আসে, তখন তা চিন্তার একটি চক্রে পরিণত হতে পারে। অনেকে নিজের অনুভূতি পরীক্ষা করেন, সঙ্গীর আচরণ বিশ্লেষণ করেন, পুরোনো ছবি দেখেন কিংবা অন্য দম্পতিদের সঙ্গে নিজের সম্পর্কের তুলনা করেন। আবার কেউ সঙ্গী বা কাছের মানুষদের কাছে বারবার নিশ্চয়তা চান।
সঙ্গীর ছোট আচরণও তখন বড় সংকেত মনে হতে পারে। ফোনের উত্তর দিতে দেরি করলে মনে হতে পারে ভালোবাসা কমে গেছে, কিংবা একটু চুপ থাকলেই মনে হতে পারে সম্পর্কের সমস্যা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য দম্পতিদের সুখী মুহূর্ত দেখেও নিজের সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা বাড়তে পারে।
তবে বাস্তব সম্পর্কের সমস্যা থাকলে সন্দেহকে শুধু অতিরিক্ত দুশ্চিন্তা বলে এড়িয়ে যাওয়া উচিত নয়। মিথ্যা বলা, প্রতারণা, অসম্মান বা দায়িত্বহীনতার মতো বিষয় থাকলে তা আলাদাভাবে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।
চিন্তার এই চক্র থেকে বের হতে প্রতিটি সন্দেহের তাৎক্ষণিক উত্তর খোঁজা, বারবার নিশ্চয়তা চাওয়া ও নিজের অনুভূতি পরীক্ষা করার অভ্যাস কমানো জরুরি। চিন্তা দীর্ঘস্থায়ী হলে বা দৈনন্দিন জীবন ও সম্পর্কে প্রভাব ফেললে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেতে পারে।










