সকালে ঘুম থেকে ওঠার পর অনেকেই তাড়াহুড়ো করে চা-কফি পান করেন, কেউ ব্যায়াম করেন, আবার কেউ না খেয়েই ওষুধ সেবন করেন। এমন কিছু অভ্যাস আছে, যা খালি পেটে করলে অনেকের অস্বস্তি বা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, বিশেষ করে দীর্ঘদিন এসব অভ্যাস চললে সতর্ক হওয়া প্রয়োজন।
১. খালি পেটে চা বা কফি পান
সকালে ঘুম থেকে উঠে খালি পেটে চা বা কফি পান করলে অনেকের অ্যাসিডিটি, অম্বল, বুকজ্বালা বা পেট ফাঁপার সমস্যা হতে পারে। তাই ঘুম থেকে উঠে প্রথমে পানি পান করে হালকা কিছু খাওয়ার পর চা বা কফি পান করা তুলনামূলক ভালো।
২. না খেয়ে ওষুধ সেবন
সব ওষুধ খালি পেটে খাওয়া যায় না। বিশেষ করে কিছু ব্যথানাশক ওষুধ পাকস্থলীতে অস্বস্তি বা জ্বালাপোড়া তৈরি করতে পারে। তাই ওষুধের নির্দেশনা অনুযায়ী এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত।
৩. খালি পেটে ব্যায়াম
ওজন কমানোর জন্য অনেকে সকালে না খেয়ে ব্যায়াম করেন। এতে কারও কারও দুর্বলতা, মাথা ঘোরা বা রক্তে শর্করা কমে যাওয়ার মতো সমস্যা হতে পারে। ব্যায়ামের আগে কলা, কয়েকটি বাদাম বা হালকা খাবার উপকারী হতে পারে।
৪. টক ফল বা দই খাওয়া
লেবু, কমলা, আনারস কিংবা দই খালি পেটে খেলে যাদের অ্যাসিডিটির প্রবণতা রয়েছে, তাদের অস্বস্তি বাড়তে পারে। তাই এসব খাবার অন্য খাবারের সঙ্গে খাওয়াই ভালো।
৫. খালি পেটে ধূমপান বা মদপান
ধূমপান ও মদপান যেকোনো সময়ই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। খালি পেটে এসব গ্রহণ করলে শরীরে বিরূপ প্রভাব আরও তীব্র হতে পারে।
৬. সকালে শুধু সালাদ খাওয়া
শুধু কাঁচা সবজি দিয়ে সকালের খাবার শেষ করলে অনেকের হজমে সমস্যা হতে পারে। সালাদের সঙ্গে ডিম, ডাল, রুটি বা অন্য কোনো পুষ্টিকর খাবার রাখা যেতে পারে।
৭. ঘুম থেকে উঠেই কাজে বসা
ঘুম থেকে উঠেই দীর্ঘ সময় মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপে কাজ শুরু করলে চোখে চাপ ও ক্লান্তি বাড়তে পারে। পানি পান ও হালকা খাবারের পর দিনের কাজ শুরু করা ভালো।










