নওগাঁর বদলগাছীতে প্রথম স্ত্রীর ছোট বোনকে বিয়ে করে আলোচনায় আসা টিকটকার মাসুদ রানার দাম্পত্য সম্পর্কে নতুন মোড় এসেছে। শ্যালিকা পূর্ণিমাকে তালাক দেওয়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পূর্ণিমা তাকে তালাক দিয়েছেন বলে দাবি করেছেন মাসুদ।
বুধবার (২৮ অক্টোবর) ফেসবুক লাইভে এসে এ তথ্য জানান তিনি। তালাকের কাগজও নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেছেন বলে দাবি করেন মাসুদ। তবে তালাকের আইনি কার্যকারিতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বদলগাছী সদর ইউনিয়নের বৈরাগীপাড়ায় প্রথম স্ত্রী মৌসুমীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন মাসুদ। গত ২৪ অক্টোবর সেখানে গায়ে হলুদের আয়োজন হয়। পরদিন ২৫ অক্টোবর প্রথম স্ত্রীর ছোট বোন পূর্ণিমাকে বিয়ে করেন তিনি। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।
মাসুদ দাবি করেছিলেন, প্রথম স্ত্রী মৌসুমীর সম্মতি ও সহযোগিতায় তিনি পূর্ণিমাকে বিয়ে করেছেন। তবে বিতর্ক বাড়তে থাকায় মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে এসে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান তিনি। প্রথম স্ত্রীকে তালাক না দিয়ে তার ছোট বোনকে বিয়ে করাকে নিজের বড় ভুল বলে উল্লেখ করেন মাসুদ। একই সঙ্গে পূর্ণিমাকে তালাক দেওয়ার ঘোষণাও দেন।
এদিকে মাসুদের শ্বশুর মো. মান্নান জানান, তিনি ও তার মেয়েরা এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে এমন ভুল আর হবে না বলেও আশ্বাস দিয়েছেন। বর্তমানে পরিবারের সদস্যরা এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানান তিনি।
পূর্ণিমাও সবার কাছে ক্ষমা চেয়ে ভবিষ্যতে এমন ভুল না করার প্রতিশ্রুতি দিয়েছেন। পরিবার ও সমাজের মানুষ যে সিদ্ধান্ত নেবেন, তা মেনে নেবেন বলেও জানিয়েছেন তিনি।










