বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে দারুণ লড়াই করা মিসর জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসানকে বরখাস্ত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। তাঁর জায়গায় নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন আলী মাহের। সম্প্রতি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে মিসরের দায়িত্ব নেন দেশটির সাবেক তারকা ফুটবলার হোসাম হাসান। তাঁর অধীনেই ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে মিসর। বিশ্বকাপে ৯২ বছর পর প্রথম জয়ের স্বাদও পায় দলটি। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় তারা। শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মিসর।
এমন সাফল্যের পরও হোসাম হাসানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। বোর্ড সভায় সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক কিছু ঘটনা জাতীয় দলের ইতিবাচক ভাবমূর্তি ও স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এ কারণে হোসাম হাসান ও তাঁর কোচিং স্টাফকে ধন্যবাদ জানিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
হোসাম হাসানের স্থলাভিষিক্ত আলী মাহেরের বয়স ৫২ বছর। খেলোয়াড় ও কোচ হিসেবে মিসরীয় ফুটবলে তাঁর পরিচিতি রয়েছে। সর্বশেষ তিনি সিরামিকা ক্লিওপেট্রা ক্লাবের কোচ ছিলেন। তাঁর অধীনে ২০২৪-২৫ মৌসুমে মিসরীয় লিগ কাপ জেতে ক্লাবটি। গত মৌসুমে মিসরীয় প্রিমিয়ার লিগে চতুর্থ স্থানও অর্জন করে দলটি।
নতুন কোচের সামনে অবশ্য প্রস্তুতির জন্য খুব বেশি সময় নেই। আগামী ১৩ ও ১৭ নভেম্বর আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে মালাউইয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে মিসর। এই ম্যাচগুলো সামনে রেখেই দলের দায়িত্ব বুঝে নেবেন আলী মাহের। ইতোমধ্যে সহকারী কোচিং স্টাফ গঠনের পরিকল্পনাও ফেডারেশনকে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, দায়িত্ব ছাড়ার আগে মিসর জাতীয় দলের হয়ে ৩৮ ম্যাচে কোচিং করিয়েছেন হোসাম হাসান। তাঁর অধীনে দলটি ২১টি জয়, ১০টি ড্র এবং সাতটি পরাজয়ের মুখ দেখেছে।










