সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা মনির সন্তানের সামনে এক বাবাকে কুপিয়ে হত্যা করেছেন। তবে অনুসন্ধানে দেখা গেছে, দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। ভিডিওটির সঙ্গে বাংলাদেশ বা চট্টগ্রামের কোনো ঘটনার সম্পর্ক নেই; এটি ভারতের বিহার রাজ্যের একটি পুরোনো ঘটনার ভিডিও।
সম্প্রতি শিপন ইসলাম, মো. ইয়াসিন খাঁন, Md Efty, লালমাই ছাত্রলীগসহ অন্তত ১০টির বেশি ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ভিডিওটি একই দাবিতে প্রচার করা হয়। পোস্টগুলোর মন্তব্যে অনেক ব্যবহারকারী ঘটনাটিকে সত্য ধরে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
দাবিটির সত্যতা যাচাই করতে জাতীয় গণমাধ্যম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য পর্যালোচনায় চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা মনিরের বিরুদ্ধে এমন কোনো হত্যাকাণ্ডের তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।
ভিডিওটির কয়েকটি স্থিরচিত্র (কি-ফ্রেম) ব্যবহার করে রিভার্স ইমেজ সার্চ করলে ‘Political Times’ নামের একটি ফেসবুক পেজে চলতি বছরের ১২ মে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ওই ১৭ সেকেন্ডের ভিডিওটির প্রথম সাত সেকেন্ড আলোচিত ভিডিওটির সঙ্গে পুরোপুরি মিলে যায়। তবে সেখানে কোনো বিএনপি নেতা বা নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি।
এ ছাড়া, গত বছরের জুলাই মাসে সোহাগ মিয়া, ‘Nur Un Nabi Dine’ এবং ‘রিদওয়ান ইসলাম’ নামের কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট ও পেজেও একই ভিডিও পাওয়া যায়। সেসব পোস্টে ঘটনাটিকে চট্টগ্রামে জমি-সংক্রান্ত বিরোধের ঘটনা হিসেবে দাবি করা হলেও বিএনপির কোনো নেতার সম্পৃক্ততার কথা বলা হয়নি।
আরও অনুসন্ধানে গত বছরের ২০ জুলাই Chandra Times নামের একটি ইউটিউব চ্যানেল এবং Purnea Central News নামের একটি ফেসবুক পেজে একই ভিডিও প্রকাশিত হতে দেখা যায়। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, ঘটনাটি ভারতের বিহার রাজ্যের।
ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক ভাস্কর-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি বিহারের সাহারসা জেলার বারা গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের। জমি-সংক্রান্ত বিরোধের জেরে রাম প্রবেশ যাদব ও তাঁর ছেলে রবীন্দ্র যাদব মিলে গিরিধারী যাদবের ওপর কোদাল দিয়ে হামলা চালান। গুরুতর আহত অবস্থায় গিরিধারী যাদবকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে এবং তাঁদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করে।
ভারতের আরও কয়েকটি গণমাধ্যমেও একই ঘটনার বর্ণনা পাওয়া গেছে।
রায়
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা মনির সন্তানের সামনে এক বাবাকে হত্যা করেছেন’—এমন দাবিতে যে ভিডিওটি প্রচার করা হচ্ছে, তা ভুয়া ও বিভ্রান্তিকর। ভিডিওটি বাংলাদেশের নয়; এটি ভারতের বিহার রাজ্যের একটি পুরোনো ঘটনার ভিডিও, যা ভুল তথ্য ও ভিন্ন দাবি দিয়ে নতুন করে ছড়িয়ে দেওয়া হয়েছে।










