টানা লোকসানের ধাক্কা কাটিয়ে আবারও মুনাফার ধারায় ফিরেছে দেশের শীর্ষস্থানীয় সিরামিক প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরএকে সিরামিকস বাংলাদেশ। ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটি ২ কোটি ২৮ লাখ টাকা নিট মুনাফা করেছে। গত বছরের একই সময়ে প্রতিষ্ঠানটি ২১ কোটির বেশি লোকসানে ছিল।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে প্রকাশিত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানির বিক্রি বেড়ে ৩৭৪ কোটি টাকা হয়েছে, যা গত বছরের একই সময়ের ৩১০ কোটি টাকা থেকে প্রায় ২১ শতাংশ বেশি।
বিক্রি বৃদ্ধির পাশাপাশি উৎপাদন ব্যয় কমিয়ে আনতে সক্ষম হয়েছে কোম্পানিটি। চলতি বছর প্রতি ১০০ টাকার পণ্য বিক্রিতে উৎপাদন খরচ নেমে এসেছে ৮০ টাকায়, যা এক বছর আগে ছিল ৮৫ টাকা। বিক্রি বৃদ্ধি ও ব্যয় নিয়ন্ত্রণের সমন্বিত প্রভাবেই প্রতিষ্ঠানটি লোকসান থেকে লাভে ফিরেছে।
আরএকে সিরামিকসের কোম্পানি সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, ব্যবস্থাপনায় পরিবর্তন, শীর্ষ নেতৃত্ব পুনর্গঠন, বিপণন কৌশলের উন্নয়ন এবং পরিচালন ব্যয় কমানোর উদ্যোগ ইতিবাচক ফল দিয়েছে। পাশাপাশি শহরের বাইরে গ্রামাঞ্চলেও বাজার সম্প্রসারণের কৌশল বিক্রি বৃদ্ধিতে সহায়ক হয়েছে।
এপ্রিল-জুন প্রান্তিকেও কোম্পানির শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। এ সময়ে বিক্রি বেড়ে ১৯৯ কোটি টাকা হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি। একই সঙ্গে দ্বিতীয় প্রান্তিকে প্রায় ৮ কোটি টাকা মুনাফা করেছে আরএকে সিরামিকস, যেখানে গত বছর একই সময়ে প্রায় ১৮.৫ কোটি টাকা লোকসান হয়েছিল।
ধারাবাহিক এই ইতিবাচক প্রবণতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছে কোম্পানির কর্তৃপক্ষ।

