রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে বিক্রি করে দেওয়ার পরামর্শ দিয়েছেন ক্লাবটির সাবেক ফুটবলার কার্লোস গঞ্জালেস। আর্সেনালের আগ্রহের গুঞ্জনের মধ্যেই তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতিতে ভিনিসিয়ুসকে বিক্রি করাই রিয়ালের জন্য সবচেয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত হতে পারে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর। নতুন চুক্তিতে তিনি কিলিয়ান এমবাপ্পের সমান বেতন ও সুযোগ-সুবিধা দাবি করেছেন বলে আলোচনা রয়েছে। তবে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ সেই দাবি মেনে নিতে অনাগ্রহী।
১৯৭১ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত রিয়ালের হয়ে খেলা কার্লোস গঞ্জালেস বলেন, একসময় তিনি ভিনিসিয়ুসের বড় সমর্থক ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে মাঠ ও মাঠের বাইরের আচরণ নিয়ে তিনি হতাশ। তার মতে, বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোয় কোচ জাবি আলোনসোর সঙ্গে তর্কে জড়ানোর পর থেকেই সমর্থক ও সতীর্থদের সঙ্গে ভিনিসিয়ুসের সম্পর্কের অবনতি ঘটে।
গঞ্জালেসের ভাষ্য, বিশ্বমানের প্রতিভা থাকা সত্ত্বেও ভিনিসিয়ুস এখন রেফারি ও প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে নিয়মিত বিতর্কে জড়াচ্ছেন, যা দলের পরিবেশ ও ক্লাবের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলছে।
তিনি মনে করেন, চুক্তির অনিশ্চয়তা, বড় অঙ্কের বেতনের দাবি এবং আচরণগত সমস্যার কারণে রিয়াল মাদ্রিদের উচিত ভালো ট্রান্সফার ফি পেলে ভিনিসিয়ুসকে বিক্রি করে দেওয়া। তার মতে, দীর্ঘমেয়াদে এটি ক্লাবের জন্য আরও লাভজনক সিদ্ধান্ত হতে পারে।

