বাংলাদেশ ও জাপানের কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করতে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা (UNO Yoshimasa)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের বিনিয়োগ, মানবসম্পদ উন্নয়ন, বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ জনশক্তির সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি জাপানি ভাষায় প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক ও গাড়িচালক নিয়োগে জাপানের আরও কার্যকর উদ্যোগ কামনা করেন।
এ সময় বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজার শিল্প পার্কের মতো আরও নতুন শিল্পাঞ্চল গড়ে তুলতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।
আলোচনায় আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন, চলমান এমআরটি (মেট্রোরেল) প্রকল্পের অগ্রগতি এবং অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান অংশীদারিত্ব আরও জোরদারের বিষয়ও গুরুত্ব পায়।
উভয় পক্ষই ভবিষ্যতে বিনিয়োগ, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ-জাপান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

