হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাত এড়াতে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার (২৯ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ এ আদেশ জারি করেন।
জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, একই দিন হবিগঞ্জ পৌর এলাকায় এনসিপি বিক্ষোভ সমাবেশ ও পথসভার ঘোষণা দেয়। অপরদিকে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল একই স্থান ও সময়ে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়। এতে উভয় দলের বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতির সম্ভাবনা থাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রশাসনের মতে, পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঝুঁকি রয়েছে। এ পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল, জনসভা, স্লোগান, পিকেটিং, মাইকিং, উচ্চ শব্দে প্রচারণা এবং আইন-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে—এমন সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। জনশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সব পক্ষকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

