ঢালিউডে পা রাখার পর অল্প সময়েই দর্শকদের নজর কাড়েন অভিনেত্রী সাবিলা নূর। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তাণ্ডব’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই তিনি অভিনয়ের সুযোগ পান দেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং পর্দার রোমান্টিক রসায়ন নিয়ে কথা বলেছেন সাবিলা নূর। তিনি জানান, শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে কোনো ধরনের অস্বস্তি অনুভব করেননি। বরং সহশিল্পী হিসেবে শাকিব এমন একটি স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করেছিলেন, যেখানে অভিনয় করা সহজ হয়ে উঠেছিল।
সাবিলা বলেন, ক্যামেরা চালু হওয়ার পর তারা নিজেদের পরিচয়ে থাকেন না, বরং চরিত্রের মধ্যেই ডুবে যান। তখন শাকিব খান হয়ে ওঠেন ‘আগুন’ এবং তিনি হয়ে ওঠেন ‘মীরা’। চরিত্রের প্রয়োজনকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তারা।
তিনি আরও জানান, শাকিব খানের পেশাদারিত্ব তাকে মুগ্ধ করেছে। প্রতিটি দৃশ্যের শুটিং শেষে শাকিব নিজের অভিনয় বিশ্লেষণ করেন এবং কোথায় আরও উন্নতি করা যায়, তা নিয়ে ভাবেন। একজন অভিজ্ঞ অভিনেতার এই মনোভাব তাকে অনুপ্রাণিত করেছে বলেও জানান সাবিলা।
এ ছাড়া আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতাও শেয়ার করেন তিনি। মালয়েশিয়ায় শুটিংয়ের সময় অল্প সময়ের মধ্যে শাকিব খানের নিজেকে চরিত্র অনুযায়ী বদলে নেওয়ার ক্ষমতা দেখে তিনি মুগ্ধ হন।
‘রকস্টার’ সিনেমায় শাকিব খান ও সাবিলা নূরের পাশাপাশি অভিনয় করেছেন দিলারা জামান, তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানাই ও তারিক আনাম খান। সিনেমাটি চলতি বছরের ২৮ মে মুক্তি পায়।

