চট্টগ্রামের দোহাজারী রেলস্টেশনে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন মোরশেদ আলম (২৫) নামে এক যুবক। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রেললাইনের ওপর দাঁড়িয়ে ভিডিও করার সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে তার দুই পা এবং এক হাতের অর্ধেক অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবারের সদস্যদের সঙ্গে রেললাইনের ওপর দাঁড়িয়ে টিকটক ভিডিও ধারণ করছিলেন মোরশেদ। এ সময় পেছন দিক থেকে একটি পিডিবির শান্টিং ট্রেন পুশিং পদ্ধতিতে এগিয়ে আসছিল। ট্রেনটির ইঞ্জিন পেছনে থাকায় চালক বারবার হর্ন ও সাইরেন বাজিয়ে সতর্ক করার চেষ্টা করেন। কিন্তু ভিডিও ধারণে ব্যস্ত থাকায় মোরশেদ সতর্ক সংকেত খেয়াল করেননি। ট্রেনটি খুব কাছাকাছি চলে এলেও তিনি রেললাইন থেকে সরে না যাওয়ায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
দোহাজারী রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. নেচার উল্লাহ জানান, চালকের একাধিক সতর্কবার্তা উপেক্ষা করায় দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরির ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে রেললাইন বা অন্যান্য বিপজ্জনক স্থানে ছবি ও ভিডিও ধারণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

