ভারতের জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’-এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধের আওতায় আনতে গুরুত্বপূর্ণ একটি সংশোধনী বিল রাজ্যসভায় পাস হয়েছে। বুধবার (২৯ জুলাই) কণ্ঠভোটে ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ অনুমোদন পায়। এখন বিলটি লোকসভায় উপস্থাপিত হবে। সেখানে পাস হয়ে রাষ্ট্রপতির সম্মতি মিললে এটি আইনে পরিণত হবে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিরোধী দলগুলোর ওয়াকআউটের মধ্যেই বিলটি পাস হয়। অধিবেশন চলাকালে নিট (NEET) প্রশ্নফাঁস ইস্যুতে প্রতিবাদ জানিয়ে বিরোধী সদস্যরা স্লোগান দিলেও আলোচনা অব্যাহত রাখেন স্পিকার। পরে কেন্দ্রীয় সমাজকল্যাণ ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালের বক্তব্য শুরুর সময় বিরোধী দলগুলো অধিবেশন বর্জন করে।
বিলের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, স্বাধীনতা সংগ্রামে অসংখ্য বিপ্লবী মৃত্যুর আগে ‘বন্দে মাতরম’ উচ্চারণ করেছিলেন। তার দাবি, জাতীয় সংগীতটির মর্যাদা রক্ষায় সরকার প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে চায়।
সংশোধনী অনুযায়ী, ভারতের জাতীয় পতাকা, সংবিধান, জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ এবং জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’-এর অবমাননা বা অসম্মানকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে। আইন কার্যকর হলে এ ধরনের অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান থাকবে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই রাজ্যসভায় বিলটি উত্থাপন করা হয়েছিল। সরকার জানিয়েছে, ‘বন্দে মাতরম’ রচনার ১৫০ বছর পূর্তি উপলক্ষে জাতীয় সংগীতটিকে আরও শক্তিশালী আইনি সুরক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিলটি লোকসভায় অনুমোদনের পর রাষ্ট্রপতির স্বাক্ষর পেলেই নতুন আইন কার্যকর হবে।

