একজন মানুষের ব্যক্তিত্ব কেবল তার বড় অর্জন বা সাফল্য দিয়ে বিচার করা যায় না। বরং দৈনন্দিন আচরণ, অন্যদের প্রতি ব্যবহার, প্রতিশ্রুতি রক্ষা এবং ছোট ছোট অভ্যাসই প্রকাশ করে তার প্রকৃত চরিত্র। মনোবিজ্ঞানের ভাষায় এসব ইতিবাচক বৈশিষ্ট্যকে বলা হয় ‘গ্রিন ফ্ল্যাগ’, যা একজন দায়িত্বশীল, পরিণত ও মানবিক মানুষের পরিচয় বহন করে।
বিশেষজ্ঞদের মতে, একজন ভালো ব্যক্তিত্বের মানুষ সবার সঙ্গে সমানভাবে সম্মানজনক আচরণ করেন। পরিচিত-অপরিচিত, সহকর্মী কিংবা সেবাদানকারী—সবার প্রতিই তিনি ভদ্রতা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অন্যের সাফল্যে ঈর্ষান্বিত না হয়ে আন্তরিকভাবে আনন্দিত হওয়াও একজন ইতিবাচক মানসিকতার মানুষের অন্যতম বৈশিষ্ট্য।
নিজের ভুল স্বীকার করার সাহসও পরিণত ব্যক্তিত্বের পরিচায়ক। ভুল হলে দায় এড়িয়ে না গিয়ে তা মেনে নেওয়া এবং নিজেকে সংশোধনের চেষ্টা করা আত্মবিশ্বাস ও আবেগগত পরিপক্বতার প্রমাণ দেয়। একই সঙ্গে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা, কথোপকথনের সময় গুরুত্ব দেওয়া এবং প্রয়োজন ছাড়া বাধা না দেওয়াও সুস্থ সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ ছাড়া অযথা সব সময় কথা বলে নীরবতা ভাঙার চেষ্টা না করে প্রয়োজনীয় সময়ে নীরবতাকে সম্মান জানানোও একটি ইতিবাচক গুণ। এমন মানুষ সাধারণত চিন্তাশীল, ধৈর্যশীল এবং অন্যের অনুভূতির প্রতি সংবেদনশীল হন।
বিশেষজ্ঞরা বলেন, ভালো ব্যক্তিত্ব গড়ে ওঠে প্রতিদিনের ছোট ছোট অভ্যাস থেকে। সদাচরণ, সহমর্মিতা, সততা, প্রতিশ্রুতি রক্ষা, অন্যের সাফল্যে আনন্দিত হওয়া এবং নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ার মানসিকতা একজন মানুষকে অন্যদের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলে।
আপনার মধ্যেও যদি এসব বৈশিষ্ট্য থাকে, তবে তা ইতিবাচক ব্যক্তিত্বেরই ইঙ্গিত। আর যদি কিছু ক্ষেত্রে ঘাটতি থাকে, তবে সচেতন অনুশীলনের মাধ্যমে সেগুলো ধীরে ধীরে গড়ে তোলা সম্ভব। মনে রাখতে হবে, একজন ভালো মানুষ হয়ে ওঠা কোনো একদিনের বিষয় নয়; এটি প্রতিদিনের আচরণ ও মানসিকতার ধারাবাহিক চর্চার ফল।

