বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান আরও জোরালো হয়েছে। ইউরোপের ৫৫টি সদস্য দেশের পর এবার উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফের ৪১টি সদস্য দেশও ফিফার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
কনকাকাফের প্রেসিডেন্টদের বৈঠক শেষে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, প্রস্তাবটি যথাযথ পর্যালোচনা ছাড়াই দ্রুত অনুমোদনের চেষ্টা করা হচ্ছে। এছাড়া ইতিহাসের সবচেয়ে লাভজনক বিশ্বকাপ আয়োজনের পরও কেন নতুন করে বেসরকারি বিনিয়োগের প্রয়োজন, সে বিষয়েও প্রশ্ন তুলেছে সদস্য দেশগুলো। সংস্থাটির মতে, এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি এবং সুশাসন নিশ্চিত করা জরুরি।
ফিফা ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ নামে ২ হাজার কোটি ডলারের একটি নতুন প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করেছে। প্রস্তাব অনুযায়ী, প্রতিষ্ঠানটির ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। সম্ভাব্য প্রধান বিনিয়োগকারী হিসেবে মার্কিন প্রতিষ্ঠান থ্রাইভ ইটার্নালের নেতৃত্বে থাকা জশুয়া কুশনারের নাম আলোচনায় রয়েছে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, প্রস্তাবটি অনুমোদিত হলে ২০২৭-২০৩১ সময়কালে ‘ফিফা ফরোয়ার্ড’ কর্মসূচির অনুদান উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে। তবে প্রস্তাবটি বাতিল হলে সদস্য দেশগুলো কম অর্থায়ন পাবে।
আগামী ১৯ সেপ্টেম্বর ফিফার ২১১ সদস্য দেশের ভোটে এই প্রস্তাবের ভবিষ্যৎ নির্ধারণ হবে। অনুমোদনের জন্য সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটের পাশাপাশি ফিফা কাউন্সিলের সমর্থনও প্রয়োজন। ইউরোপের পর কনকাকাফের ৪১টি দেশের বিরোধিতায় ফিফার এই বিতর্কিত পরিকল্পনা আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।

