গাজীপুরের কালিয়াকৈর এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত আকাশ ওরফে ‘পিচ্চি আকাশ’ (২৭) অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে জামালপুর সদর উপজেলার তিতপল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া আকাশের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে মোট ১৮টি মামলা বিচারাধীন রয়েছে। অভিযোগ রয়েছে, তিনি সহযোগীদের নিয়ে মোটরসাইকেলে ঘুরে কালিয়াকৈরের বিভিন্ন শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায় করতেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হতো বলে অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী। আতঙ্কের কারণে অনেকেই প্রকাশ্যে অভিযোগ করতে সাহস পাননি।
দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের জন্য নজরদারিতে রেখেছিল কালিয়াকৈর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শেষ পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কালিয়াকৈরের হরতকীতলা জঙ্গল এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত আকাশকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র এবং তার অপরাধচক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
সর্বশেষ
- ফাইনালের ড্রেসিংরুম নিয়ে চাঞ্চল্যকর দাবি আর্জেন্টাইন ডিফেন্ডারের মায়ের
- ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর
- ঢাবিতে শিবির নেতার কক্ষে ‘আপত্তিকর’ ঘটনার অভিযোগ
- ৯ ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কায় আর্জেন্টাইন তারকা
- ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনা, নিহত ৫, নিখোঁজ ৪১
- মানসিক সুস্থতায় ‘না’ বলা জরুরি
- মোদির বাসভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা কেজরিওয়ালের
- দুবাইয়ের জেল থেকে ছাড়া পেলেন বেনজীর

