আজ (১ আগস্ট) বিশ্বজুড়ে অনানুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে জাতীয় প্রেমিকা দিবস (National Girlfriend Day)। সরকারি বা আন্তর্জাতিক স্বীকৃতি না থাকলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে দিনটি ব্যাপক জনপ্রিয়। প্রিয় মানুষকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও বিশেষ অনুভূতি প্রকাশের জন্য দিনটি অনেকের কাছে একটি বিশেষ উপলক্ষ।
২০০৬ সালের দিকে দিবসটির প্রচলন শুরু হয় এবং ২০১৪ সালের পর থেকে এটি বিভিন্ন দেশে আরও পরিচিতি পায়। এ বছর দিনটি শনিবার হওয়ায় সপ্তাহান্তে সঙ্গীর সঙ্গে কিছু সুন্দর সময় কাটানোর সুযোগও রয়েছে। বড় আয়োজন না করেও ছোট ছোট আন্তরিক উদ্যোগে দিনটিকে স্মরণীয় করে তোলা সম্ভব।
সঙ্গীকে চমকে দিতে কাছাকাছি কোনো পার্ক বা লেকের ধারে ছোট্ট একটি পিকনিকের আয়োজন করতে পারেন। হালকা খাবার, প্রিয় পানীয় ও দুজনের পছন্দের গানের প্লেলিস্ট মুহূর্তটিকে আরও রোমান্টিক করে তুলতে পারে। চাইলে বাইরে না গিয়ে ঘরেই প্রিয় মানুষটির জন্য নিজের হাতে রান্না করতে পারেন কিংবা একসঙ্গে রান্না করে সময় কাটাতে পারেন।
ব্যস্ততার মাঝে নতুন কোনো ক্যাফেতে কফি ডেটও হতে পারে দারুণ একটি বিকল্প। আর যদি বাইরে যাওয়া সম্ভব না হয়, তাহলে ঘরেই সিনেমা নাইটের আয়োজন করতে পারেন। ফেয়ারি লাইট, পপকর্ন ও প্রিয় সিনেমা বা সিরিজের সঙ্গে নিরিবিলি সময় সম্পর্ককে আরও গভীর করে তুলতে পারে।
এ ছাড়া প্রথম ডেটের স্মৃতি ফিরিয়ে আনা, শহরের বাইরে ছোট্ট একটি লং ড্রাইভে যাওয়া কিংবা একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো নিয়ে হাতে লেখা ছোট ছোট নোট বা একটি চিঠি উপহার দেওয়াও হতে পারে হৃদয়ছোঁয়া চমক। ভালোবাসা প্রকাশে দামি উপহারের চেয়ে আন্তরিকতা ও যত্নই সবচেয়ে বেশি মূল্যবান।

