রাজধানীর ফার্মগেট ও মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে শনিবার (১ আগস্ট) সকালে দুটি পরিত্যক্ত বস্তু ঘিরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে একটি সন্দেহজনক ব্যাগ এক্স-রে স্ক্যান করে ভেতরে কৌটাসদৃশ বস্তু শনাক্ত করা হয়। পরে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টরের মাধ্যমে ব্যাগটি নিরাপদে পরীক্ষা করা হলে দেখা যায়, এর ভেতরে ছিল একটি জর্দার কৌটা ও পান। কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি।
অন্যদিকে, তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকায় একটি পরিত্যক্ত চটের বস্তা ঘিরেও বোমা সন্দেহের সৃষ্টি হয়। খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করে বস্তাটি পরীক্ষা করে। পরীক্ষায় সেখানে কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি।
ডিএমপি জানিয়েছে, দুটি ঘটনাতেই দ্রুত ও পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে। নগরবাসীকে গুজব বা আতঙ্কে বিভ্রান্ত না হয়ে সন্দেহজনক কোনো বস্তু দেখলে তা স্পর্শ না করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে পুলিশ। একই সঙ্গে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।

