কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) নূরুল ইসলামের অপসারণ এবং তার বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সচেতন নাগরিক ফোরাম। শনিবার (১ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় নূরুল ইসলাম আসামি হওয়া সত্ত্বেও তিনি এখনো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে বহাল রয়েছেন।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কর্নেল (অব.) ফেরদৌস আজিজ। এছাড়া শ্রমিক নেতা মাহবুব আলম বাদল, মো. আলী হোসেন ও ফিরোজ মাহমুদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম।
বক্তারা অভিযোগ করেন, নূরুল ইসলাম পূর্ববর্তী সরকারের আমলে রাজনৈতিক আনুগত্য, দুর্নীতি ও অযোগ্যতার মাধ্যমে সিএজির দায়িত্বে নিয়োগ পান এবং দায়িত্ব পালনকালে সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষুণ্ন করেন। তাদের দাবি, বিভিন্ন জাতীয় দিবস ও রাজনৈতিক কর্মসূচিতে কর্মকর্তাদের অংশগ্রহণে বাধ্য করা হতো এবং অনুপস্থিত থাকলে প্রশাসনিক ব্যবস্থার হুমকি দেওয়া হতো।
মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দিষ্ট নির্দেশনা অনুসরণে চাপ দেওয়া হয়েছিল। বক্তারা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
শেষে সচেতন নাগরিক ফোরামের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে নূরুল ইসলামকে অবিলম্বে দায়িত্ব থেকে অপসারণ, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

