ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে টানা ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এতে তার চলমান একাধিক সিনেমার শুটিং সাময়িকভাবে স্থগিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে রাশমিকার হাতে রয়েছে ‘রাণাবলী’ ও ‘মাইসা’ সিনেমার কাজ। এর মধ্যে একটি সিনেমার শুটিংয়ে নাচ ও অ্যাকশন দৃশ্য ধারণের সময় তিনি আহত হন। দুর্ঘটনায় তার নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশের একটি গুরুত্বপূর্ণ পেশিতন্তু (মাসল টেনডন) সম্পূর্ণ ছিঁড়ে গেছে।
চিকিৎসকদের মতে, এ ধরনের আঘাত সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের ক্ষেত্রে বেশি দেখা যায়, কারণ তাদের নিয়মিত কঠোর শারীরিক অনুশীলন করতে হয়। সিনেমার প্রয়োজনে কঠিন শারীরিক কসরত করতে গিয়েই রাশমিকার এই চোট লেগেছে বলে জানা গেছে।
তবে দুর্ঘটনা বা নিজের শারীরিক অবস্থা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি রাশমিকা মান্দানা।
উল্লেখ্য, ‘মাইসা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন রাশমিকা। অন্যদিকে ‘রাণাবলী’ পরিচালনা করছেন রাহুল সংকৃত্যন। সিনেমাটিতে তার সহশিল্পী বাস্তব জীবনের স্বামী বিজয় দেবারাকোন্ডা। এর আগে এই জুটি ‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছেন।

